চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়ার আল মদিনা কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ‘১৬ দিনের কর্মসূচি’ পালন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক( ভারপ্রাপ্ত) আতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জামিলুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং আরো অতিথি হিসেবে উপস্থিত সোহাইল উদ দোজা ব্যাবস্থাপক(কর্মসূচি)।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের লোকাল রাইটস প্রোগামের ম্যানেজার রিদুয়ানুল হাকিম রিয়াদ।
তিনি বলেন, “১৬ দিনের কর্মসূচি নারী নির্যাতন ও বৈষম্য বন্ধে সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক এবং পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীদের অবমূল্যায়ন এবং নিজের পরিবার থেকে সামাজিক কুসংস্কার রোধ করার জন্য অনুরোধ করেন।”
এরপর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রজেক্ট অফিসার পিকুল দাশ জয়। তিনি বলেন, “নারী নির্যাতন প্রতিরোধে একত্রিত হয়ে কাজ করা আমাদের প্রধান লক্ষ্য। সচেতনতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় সংগঠনগুলোর কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হবে।”
অনুষ্ঠানে যুবকর্মীরা নারীদের প্রতি বৈষম্য তুলে ধরে একটি নাটক পরিবেশন করেন, যা দর্শকদের মন ছুঁয়ে যায়।
বিশেষ অতিথি জামিলুর রহমান বলেন, “লিঙ্গভিত্তিক সহিংসতা সমাজের জন্য একটি বড় সমস্যা। এ ধরনের কার্যক্রম সচেতনতা বাড়াতে এবং সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আগামী সপ্তাহে ওয়ার্ড ১৯ ও ৩৫-এ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করবে।”
প্রধান অতিথি আতিয়া চৌধুরী বলেন, “নারী নির্যাতন একটি বৈশ্বিক সমস্যা, আমাদের শিশুদের ছোটবেলা থেকে সমতা, সম্মান ও অহিংসার মূল্যবোধ শেখাতে হবে। নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ১০৯ বা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা পাওয়া যাবে এবং নারী সার্কেল দলের সদস্যদের যে কোন ধরনের সহায়তার জন্য মহিলা অধিদপ্তর পাশে থাকবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন”
অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপিরেটর সুইট খান বলেন, “যুবরাই সমাজের ভবিষ্যৎ। আজকের কর্মসূচি থেকে তারা শিখবে কীভাবে সঠিক আচরণ করতে হয় এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হয়।”
অনুষ্ঠানের অংশ হিসেবে কালামিয়া বাজার থেকে নিউ ব্রিজ পর্যন্ত সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়, যা উদ্বোধন করেন আতিয়া চৌধুরী। পরে সচেতনতা বৃদ্ধির জন্য একটি অ্যানিমেটেড ভিডিও ও স্লাইড প্রদর্শন করা হয়। ভিডিওর ওপর ভিত্তি করে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়, যার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
সর্বশেষ ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া বলেন, “সহিংসতা রোধে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একসাথে কাজ করলে একটি শান্তিপূর্ণ ও সমতার সমাজ গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠানটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অংশগ্রহণকারী সকলকে উদ্বুদ্ধ করে।
আপনার মতামত দিন