পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা জানিয়েছে দেশটি। বৃহস্পতিবার (১১ জুন) দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এতে থাকা সবাই নিহত হয়েছেন।
সূত্রটি জানায়, ওই হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ২২ জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৯ জন সৈনিক, একজন সেনা মেজর এবং দুইজন কর্নেল রয়েছেন। দুর্ঘটনায় নিহতদের মুজাফফরাবাদে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। এ সময় তাদের কফিন পাকিস্তানের পতাকায় মোড়ানো অবস্থায় আর্টিলারি ইউনিটের সদস্যরা বহন করেন।
প্রকাশিত ভিডিওতে দুর্ঘটনাস্থলের পেছনে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়, হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। ঘটনার সঠিক কারণ নির্ধারণে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
সম্প্রতি নিষিদ্ধ একটি সশস্ত্র সংগঠনের জোটের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হওয়ার পর কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছিল। ফলে দুর্ঘটনার সময় অঞ্চলটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার বলয়ে ছিল।
সূত্র: খালিজ টাইমস
আপনার মতামত দিন