সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবান পৌরসভা এলাকায় ইমারত নির্মাণ বিধিমালা ও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই একের পর এক গড়ে উঠছে অনুমোদনহীন অবৈধ স্থাপনা। এবার খোদ পৌর কর্তৃপক্ষের এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর পরোক্ষ যোগসাজশে পৌরসভার ৬নং ওয়ার্ডের সুধাংশু পাড়ায় একটি অবৈধ বাড়ি নির্মাণের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নকশাবহির্ভূত ও ঝুঁকিপূর্ণ এই নির্মাণকাজ নিয়ে অভিযোগ করা হলেও পৌর প্রকৌশলীর রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তায় চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে জনমনে।
চালের বস্তা আর বাঁশের খুঁটিতেই চলছে ‘গোপন’ মিশনঃ সরেজমিনে এবং প্রাপ্ত একটি চিত্রে দেখা যায়,বান্দরবান সদরের ৬ নং ওয়ার্ড সুধাংশু পাড়ার একটি অত্যন্ত সরু রাস্তার পাশে পুরনো ও জরাজীর্ণ সীমানা প্রাচীর ঘেঁষে কোনো রকমে দাঁড় করানো হয়েছে নতুন একটি ভবনের কাঠামো। ভবনটির ছাদ ও বিম ঢালাইয়ের জন্য আধুনিক বা মজবুত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বরং ব্যবহার করা হয়েছে নড়বড়ে বাঁশের প্রপস বা খুঁটি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, দিনের আলোতে এই অবৈধ নির্মাণযজ্ঞ আড়াল করতে এবং তড়িঘড়ি করে কাজ শেষ করার উদ্দেশ্যে পুরো স্থাপনাটি পুরনো চালের বস্তা ও প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে।
ঝুঁকির এখানেই শেষ নয়; নির্মাণাধীন এই ভবনের গা ঘেঁষে অত্যন্ত বিপজ্জনকভাবে জটলা পাকিয়ে ঝুলে আছে বৈদ্যুতিক তার। যেকোনো মুহূর্তে এই তারে শর্ট সার্কিট হয়ে বড় ধরনের অগ্নিকাণ্ড কিংবা প্রাণহানির মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া অপরিকল্পিত এই স্থাপনার কারণে ভবিষ্যতে এই সরু উপ-গলিতে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবা প্রবেশও অসম্ভব হয়ে পড়বে।
প্রকৌশলীর ভূমিকা নিয়ে প্রশ্ন, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসকের
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এই অবৈধ ও ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণের বিষয়টি বান্দরবান পৌরসভার প্রকৌশলী বিরল বড়ুয়া-কে সুনির্দিষ্টভাবে অবহিত করা হয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে তিনি দীর্ঘদিনেও কোনো দৃশ্যমান পদক্ষেপ বা আইনি ব্যবস্থা গ্রহণ করেননি। প্রকৌশলীর এই রহস্যজনক নিষ্ক্রিয়তার কারণেই দিনদুপুরে অবৈধ কাজটি চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে বাড়ি নির্মাণকারী অনুপম আইচ , যা প্রকারান্তরে পৌর কর্তৃপক্ষের একাংশের সাথে যোগসাজশের দিকেই আঙুল তোলে।
এই বিষয়ে অবৈধ বাড়ি নির্মাণ কারী অনুপম আইচ এই প্রতিবেদককে বলেন, বান্দরবানে কয়টা বাড়ি এসব নিয়মনীতি অনুসরণ করছে, আপনারা যদি বলেন তাহলে টিনের চাল দেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই।এসময় তিনি বান্দরবানে বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক তার বন্ধু এবং খোদ পৌর মেয়র এসএম মঞ্জুরুল ইসলাম কে বন্ধু হিসেবে পরিচয় দেন।অবৈধ বাড়ি নির্মাণের প্রসঙ্গের এড়িয়ে তিনি এসব কথা বলেন।
এই বিষয়ে জানতে চাইলে বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল ইসলাম এই প্রতিবেদককে জানান, পৌর এলাকায় অনুমোদনহীন কোনো স্থাপনা নির্মাণের সুযোগ নেই এবং অনুপম আইচ নামে বান্দরবানে আমার কোনো বন্ধু নেই।এসময় তিনি আরো বলেন:
”সুধাংশু পাড়ার অনুমোদনহীন বাড়ি নির্মাণের বিষয়টি জানার পর আমি তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার জন্য পৌর প্রকৌশলীকে কঠোর নির্দেশ ও দায়িত্ব দিয়েছি। নিয়মের বাইরে কাউকে ছাড় দেওয়া হবে না।”
দ্রুত হস্তক্ষেপের দাবিঃ
পৌর প্রশাসকের আশ্বাসের পর কাজ বন্ধের নির্দেশনা দেওয়া হলেও, বাস্তবে মাঠ পর্যায়ে প্রকৌশল শাখার উদাসীনতায় কাজ কতটুকু থামবে তা নিয়ে সংশয়ে আছেন স্থানীয়রা। পাহাড়বেষ্টিত বান্দরবান শহরের সৌন্দর্য রক্ষা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সংশ্লিষ্ট অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্হানীয় বাসিন্দারা।
আপনার মতামত দিন