চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম নগরের রহমতগঞ্জে অবস্থিত শত বছরের পুরোনো ঐতিহাসিক ‘জে এম সেন ভবন’ সংরক্ষণে উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ভবনটি অবিভক্ত ভারতের কংগ্রেস নেতা যতীন্দ্র মোহন সেনের পৈতৃক বাড়ি এবং আইনজীবী যাত্রামোহন সেনের নামে পরিচিত। শত বছরের পুরোনো এই ভবন ঔপনিবেশিক স্থাপত্যের নিদর্শন হিসেবে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রহমতগঞ্জ মৌজার ৩৮৬ খতিয়ানের ১০৯৬ দাগে বাড়িটির মোট জমির পরিমাণ ৩৮ শতক। এর মধ্যে ২৩ শতক অর্পিত সম্পত্তি এবং ১৫ শতক শিশু বাগ স্কুলের নামে রয়েছে। ১৯৬৬ সালে বাংলা কলেজ হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে এটি শিশুবাগ স্কুলে রূপান্তরিত হয়।
২০২১ সালের জানুয়ারিতে বাড়িটি দখলের জন্য বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা শুরু হলে পরিবেশ ও ঐতিহ্য রক্ষার জন্য আন্দোলনকারীরা বাধা দেন। পরে জেলা প্রশাসন ভবনটি সিলগালা করে এবং নোটিশে জানায়, এখানে ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ জাদুঘর’ নির্মাণ করা হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুযায়ী ঐতিহাসিক ও স্মৃতিসম্পন্ন স্থাপনাগুলো বিকৃতি বা ধ্বংস থেকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে উচ্চ আদালতের নির্দেশনাও ভবন সংরক্ষণের পক্ষে রয়েছে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা বলেন, ‘ভবনটির বয়স শত বছরের বেশি এবং এটি ঔপনিবেশিক আমলের স্থাপত্যের নিদর্শন। প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্ব বিবেচনায় ভবন সংরক্ষণযোগ্য। শত বছরের পুরোনো বাড়িটির জমির নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে অবহিত করব।’
প্রসঙ্গত, ১৯৩৩ সালে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে কারারুদ্ধ অবস্থায় মারা যান যতীন্দ্র মোহন সেনগুপ্ত। তাঁর মৃত্যুর পর চট্টগ্রামের রহমতগঞ্জে স্বামীর পৈতৃক বাড়িতে ফিরে আসেন স্ত্রী নেলী সেনগুপ্তা। ১৯৭০ সাল পর্যন্ত সেখানে ছিলেন তিনি। ওই বছর ইন্দিরা গান্ধীর অনুরোধে ভারতে চিকিৎসার জন্য যান। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে ফিরে এসে দেখেন, তাদের বাড়িটি দখল হয়ে গেছে। বাড়িটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকার নথিভুক্ত করেছে। এরপর তিনি ভারতে ফিরে যান।
এই পরিবারের একমাত্র উত্তরসূরি, যাত্রা মোহন সেনগুপ্ত’র নাতি বীর মুক্তিযোদ্ধা মিলন কান্তি সেনগুপ্ত থাকেন চন্দনাইশের বরমা গ্রামে। অভাব-অনটনের চলে তাঁর পরিবার। চট্টগ্রাম শহর ও দক্ষিণ চট্টগ্রামে অনেক সম্পত্তির মালিক ছিলেন যাত্রামোহন। তাঁর উত্তরাধিকাররা দেশত্যাগ করলে বিভিন্নজন তাদের জমি দখল করে নেয়। কেউ মিলন কান্তি সেনগুপ্তকে অন্ধকারে রেখে জায়গা দখলে নিতে তার স্বাক্ষরও নেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন