অন্যের খাওয়া শেষে প্লেটে পড়ে থাকা ভাতের সঙ্গে মেশানো মাংসও সংরক্ষণ করা হচ্ছিল ফ্রিজে। বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল পচা ও বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি। চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের পূরবী হোটেলে এমন অনিয়মের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় হোটেলটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রিয়াজউদ্দিন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, অভিযানে পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল ব্যবহার করে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা, ‘ফজল দিন ইকবাল দিন’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানায় ব্যবহৃত রং বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। এছাড়া পূরবী হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে হোটেলটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান প্রসঙ্গে সংস্থাটির সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বলেন, ‘অভিযানে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, খাবারে ব্যবহারের জন্য শিল্পকারখানার রং বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে অধিদপ্তরকে সহযোগিতা করে চট্টগ্রাম মহানগর পুলিশ। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন