চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান গত ২৩ নভেম্বর’২৬ তারিখে চট্টগ্রাম নগরীর একটা কমিউনিটি হলে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মো. আজম খান ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন এবং কার্যকরী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার জনাব মো. ইসহাক।
এতে চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের সভাপতি ও সাধারণ সম্পাদক, চিটাগাং শপিং কমপ্লেক্সের দোকান মালিক, ব্যবসায়ী, কর্মচারী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, দিলদার হায়াত খান, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ মাইনুদ্দিন, বসির আলমসহ সানমার ওশান সিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চিটাগাং শপিং কমপ্লেক্সকে শুধু চট্টগ্রাম নয়, সমগ্র বাংলাদেশের মধ্যে একটি উন্নত, আধুনিক ও মানসম্মত মার্কেট হিসেবে গড়ে তুলতে হবে। ক্রেতাদের উন্নত সেবা প্রদানের মাধ্যমে তাদের চাহিদা পূরণ করতে হবে এবং ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাসাধারণের সুসম্পর্ক বজায় রাখতে হবে। তিনি মার্কেটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আজম খান বলেন, চিটাগাং শপিং কমপ্লেক্সকে আগামী দিনে ইনশাআল্লাহ চট্টগ্রামের একটি স্বনামধন্য, আধুনিক ও আদর্শ মার্কেট হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে ব্যবসায়ী, দোকান মালিক, কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বিগত দুই বছরে মার্কেটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁকে এবং তাঁর প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় চিটাগাং শপিং কমপ্লেক্সের দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, মার্কেটের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ক্রেতাদের সর্বোত্তম সেবা নিশ্চিতকরণ এবং সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই হবে নবনির্বাচিত কমিটির প্রধান লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় চিটাগাং শপিং কমপ্লেক্সকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন- বিগত দুই বছরের বিভিন্ন কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন। তিনি ‘ক্রেতা সাধারণের সন্তুষ্টি অর্জনের জন্য ব্যবসায়ীদের উন্নত সেবার আহবান জানান। অন্যান্য বক্তারা, মার্কেটের আশেপাশে অবৈধ হকারদের দৌরাত্ম বন্ধ করার দাবি জানান।
তাঁরা বলেন, হকারদের কারণে যানজট তৈরির ফলে অত্র এলাকায় ক্রেতাদের আসতে সমস্যা হয়। এবং এই হকাররা রাস্তাঘাট ময়লা আবর্জনা ফেলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন