চট্টলার কণ্ঠ ডেস্ক: আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনায় একটি গ্রাম পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত এক হাজার মানুষ। বেঁচে আছেন শুধু একজন। সোমবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদনে এ তথ্য জানায় দারফুরভিত্তিক বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, গত ৩১ আগস্ট টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর দারফুরের মাররা পর্বতমালা এলাকায় এই ভয়াবহ ভূমিধস ঘটে। মুহূর্তেই পুরো গ্রামটি মাটির সঙ্গে মিশে যায়। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
সংগঠনটির নেতা আবদেলওয়াহিদ মোহাম্মদ নুর এক বিবৃতিতে বলেন, ‘গ্রামটি আর অস্তিত্ব নেই। একজন বাদে সবাই প্রাণ হারিয়েছেন।’
তারা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবিক সংস্থার কাছে মরদেহ উদ্ধারে ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতা চেয়েছে।
এদিকে, সুদানের উত্তর দারফুরে দীর্ঘদিন ধরে সরকারি সেনাবাহিনী ও আধা-সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস–এর মধ্যে সংঘাত চলছে। ওই অঞ্চল থেকে পালিয়ে অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন দুর্গম মাররা পর্বতে। কিন্তু সেখানেই প্রাণঘাতী এই প্রাকৃতিক দুর্যোগে নিঃস্ব হয়ে গেলেন তারা।
দুর্গম এ এলাকায় আগে থেকেই খাদ্য ও ওষুধের সংকট তীব্র। ভূমিধসের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।
অন্যদিকে প্রায় দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে সুদানে। এতে দেশটির অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির নিয়মিত হামলার মুখে রয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন