চট্টলার কণ্ঠ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে “তারুণ্যের স্বপ্নে ইলেকশন মেনিফেস্টো” শীর্ষক প্রথম সমন্বিত ওয়ার্ড পর্যায়ের কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম শিশু একাডেমীতে। ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও অ্যাক্টিভিস্টা চট্টগ্রামের যৌথ উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই পরামর্শসভায় অংশ নেন তরুণ প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সমাজকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী, জেন্ডার মাইনোরিটি এবং বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি প্রতিনিধিগণ।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। উপস্থিত ছিলেন লোকাল রাইটস প্রোগ্রামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ, ইন্সপিরেটর নিধী চাকমা, সমাজসেবা কর্মকর্তা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর, মহল্লা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয়।
কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে রিদুয়ানুল হাকীম রিয়াদ বলেন, “এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জনগণের ভাবনা, দাবি ও সমস্যাগুলোকে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা এবং তরুণদের নেতৃত্বে একটি জনগণকেন্দ্রিক নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা।”
এরপর ইন্সপিরেটর নিধী চাকমা কমিউনিটি পর্যায়ে সম্পন্ন বিভিন্ন ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) এবং কি ইনফরমেন্ট ইন্টারভিউ (KII) এর মাধ্যমে সংগৃহীত জনগণের চাহিদা, সমস্যা ও প্রস্তাবনা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। এতে উঠে আসে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ ও নাগরিক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়।
পরে উপস্থিত অংশগ্রহণকারীরা— সাংবাদিক, সমাজকর্মী, শিক্ষক, জেন্ডার মাইনোরিটি, যুব সংগঠনের প্রতিনিধি ও সাধারণ নাগরিকরা— কয়েকটি গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আগামী নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তির জন্য তাদের নিজস্ব মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করেন। আলোচনায় উঠে আসে যুববান্ধব কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রসার, নারীর নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতকরণ, নগরীর জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই উদ্যোগ, সরকারি বিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর শিক্ষা, সহজলভ্য স্বাস্থ্যসেবা, প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ধর্মীয় সংখ্যালঘু ও জেন্ডার মাইনোরিটির প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ।
এছাড়া অংশগ্রহণকারীরা সুষ্ঠু নির্বাচনে ভোটাধিকার সুরক্ষা, জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও পাঠাগার স্থাপন, সাশ্রয়ী বাসস্থান, নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা, এলাকায় সিসিটিভি স্থাপন, মাদকবিরোধী কার্যক্রম এবং নাগরিক পর্যালোচনা সভা চালুর মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে আয়োজকরা জানান, এই কনসালটেশন থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ পরবর্তী ধাপে শহর ও জাতীয় পর্যায়ের আলোচনায় সংযোজন করে “তারুণ্যের স্বপ্নে জনগণকেন্দ্রিক নির্বাচনী ইশতেহার” প্রণয়নের ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন