চট্টলার কণ্ঠ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুন মাসের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ হাজার ১৯৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৮০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩১০ জন এবং ঢাকার বাইরের বিভাগীয় ও জেলা হাসপাতালে রয়েছেন ৭৭০ জন রোগী।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল ছাড়া চট্টগ্রাম (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৫৮ জন, ঢাকার বাইরে ৩৫ জন, খুলনায় ৮ জন এবং রাজশাহীতে ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের। যার মধ্যে নারী ১৭ জন ও পুরুষ ১৭ জন করে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৪৪ জনে।
গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। তাঁদের মধ্যে ১ লাখেরও বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন