চট্টলার কণ্ঠ ডেস্ক: টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, আজ বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল ১১টায় এম ভি মায়ের দোয়া নামক একটি যাত্রীবাহী বোট টেকনাফের কায়োকখাল হতে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে গমন করে। অতঃপর দুপুর ১২টায় বোটটি টেকনাফের শাহপরী সংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। এসময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল সমুদ্রে ভাসতে থাকা যাত্রীবাহী বোটটি দেখতে পায় এবং বিকল হওয়া বোটসহ ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন