চট্টলার কণ্ঠ ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সামাজিক সম্প্রীতি রক্ষা ও পিস নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় আজ সোমবার ৮ ডিসেম্বর সকালে চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন ধর্মের ধর্মগুরু এবং ১০টি যুব সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এতে পাড়া-মহল্লা পর্যায়ে শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং জামালখান ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদ, বেসরকারি কারা পরিদর্শক কামরুন্নাহার লিজা এবং ২৯ নং ওয়ার্ডের প্রতিনিধী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন মাহমুদ চৌধুরী। ধর্মীয় নেতৃবৃন্দের মধ্যে ইসলাম ধর্মের প্রতিনিধিত্ব করেন বেপজা স্কুল গেইট জামে মসজিদের খতিব জনাব আব্দুল মজিদ; হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন লোকনাথ সেবা পরিষদের সভাপতি রঞ্জিত চক্রবর্তী; বৌদ্ধ ধর্মের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ মহাবোধী বিহার কমপ্লেক্সের সভাপতি ও অধ্যক্ষ লোকানন্দ ভান্তে এবং খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করেন চট্টগ্রাম আর্চডায়োসিসের প্রতিনিধি জনাব লিটন গোমেজ। সভায় সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার পিকুল দাশ জয়।
২৯ নং ওয়ার্ডের প্রতিনিধী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক সুমন মাহমুদ চৌধুরী বলেন,“সামাজিক সম্প্রীতি রক্ষায় সবার আগে আমাদের মানসিক পরিবর্তন দরকার। প্রতিটি ওয়ার্ডে নজরদারি বাড়াতে হবে, যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বা বিভ্রান্তি সৃষ্টি না হয়। যুবসমাজকে সম্প্রীতি রক্ষায় আরও সক্রিয় হতে হবে। আমরা চট্টগ্রামে একটি শক্তিশালী পিস নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে বিভাজনের রাজনীতি থামিয়ে একতার বার্তা পৌঁছে দেব—এটাই আমাদের অঙ্গীকার।”
চট্টগ্রাম আর্চডায়োসিসের প্রতিনিধি জনাব লিটন গোমেজ বলেন,“খ্রিস্টান ধর্ম শান্তি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মানবিক মূল্যবোধ ধরে রেখে পরস্পরের বিশ্বাসকে সম্মান করলেই সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”
বাংলাদেশ মহাবোধী বিহার কমপ্লেক্সের সভাপতি লোকানন্দ ভান্তে বলেন,“সবার উপর মানুষ সত্য, তাহার উপর আর কিছু নাই। সহানুভূতি, ধৈর্য ও মমত্ববোধই শান্তির মূল ভিত্তি। সকল মানুষের প্রতি সমান আচরণই সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠা করে।”
লোকনাথ সেবা পরিষদের সভাপতি রঞ্জিত চক্রবর্তী বলেন,ল“হিন্দু ধর্মের মূল দর্শন—‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’। মানুষের মাঝেই ঈশ্বরের অবস্থান। কাউকে ছোট করে বড় হওয়া যায় না; পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখলেই সমাজে শান্তি অটুট থাকবে।”
বেপজা স্কুল গেইট জামে মসজিদের খতিব জনাব আব্দুল মজিদ বলেন,“ইসলাম শান্তির ধর্ম। প্রকৃত মুসলমান কখনোই অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়াতে পারে না। আমরা যদি নিজ নিজ ধর্ম সঠিকভাবে পালন করি এবং অযথা কাউকে ক্ষতি না করি—তবে সমাজে কোনো সাম্প্রদায়িক সংকট সৃষ্টি হবে না।”
বেসরকারি কারা পরিদর্শক কামরুন্নাহার লিজা বলেন,
“আমরা সমাজের প্রতিনিধি হিসেবে চট্টগ্রামে কীভাবে আরও শক্তিশালী পিস নেটওয়ার্ক গড়ে তোলা যায় এবং আরো সুন্দর ভাবে কিভাবে সামাজিক সম্প্রীতি রক্ষা করা যায় যেখানে স্বাধীন ভাবে সকলে নিজ নিজ ধর্ম পালন করবে, সে বিষয়ে মেয়রসহ প্রশাসনের সাথে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। যুবসমাজকে যুক্ত করে এই নেটওয়ার্কের মাধ্যমে শান্তি ও সহনশীলতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে—এটাই আমাদের প্রতিশ্রুতি।”
২১ নং জামালখান ওয়ার্ডের বিএনপির আহ্বায়ক তৌহিদুস সালাম নিশাদ বলেন,বর্তমান সময়ে স্থানীয় নেতৃত্বের ওপর দায়িত্ব অনেক বেড়েছে। আমরা চাই সকলের সাথে সমন্বয় করে চট্টগ্রামে একতার বার্তা পৌঁছে দিতে। আমরা বিভাজনে বিশ্বাসী নই। চট্টগ্রামে কোনো সাম্প্রদায়িক অশান্তি হতে দেবো না—এটাই হোক আমাদের অঙ্গীকার।”
সমাপনী বক্তব্যে ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া বলেন,ধর্মীয় নেতৃবৃন্দের মূল্যবান মতামত আমাদের সামনের পথকে আরও দৃঢ় করবে। পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি শান্তিপূর্ণ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক চট্টগ্রাম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ব্রাইট বাংলাদেশ ফোরাম সবসময় এই ইতিবাচক পরিবর্তনে পাশে থাকবে।”
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন