চট্টলার কণ্ঠ ডেস্ক:আসলাম চৌধুরী দল থেকে পদত্যাগ করেছেন বলে ফেইসবুকে যে ফটোকার্ড ছড়িয়েছে, সেটিকে ‘মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে বর্ণনা করেছেন এ বিএনপি নেতা।
তার জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল বিভ্রান্তি তৈরি করে ফায়দা হাসিলের জন্য এমন জঘন্য অপকর্মে লিপ্ত হয়েছে বলেই আমাদের বিশ্বাস। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য শ্রদ্ধেয় আসলাম চৌধুরী এফসিএ মহোদয়ের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
এর আগে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ ও সহিসংতার ঘটনায় দলটির নেতা আসলাম চৌধুরীর ৪ অনুসারীকে বহিষ্কার করা হয়।
মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, স্বেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌর আহ্বায়ক মামুন এবং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যার পরে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেইট এলাকায় ‘সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধ’সহ জনস্বার্থ বিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত এ চারজনকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন