ফটিকছড়ি প্রতিনিধি।।সদ্য ঘোষিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভুজপুরের পরিবর্তে নারায়ণহাট ও দাঁতমারা ইউনিয়নের মধ্যবর্তী জুজখোলা মৌজায় স্থাপনের দাবিতে উত্তরাঞ্চলের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় উত্তর ফটিকছড়ির নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ ও হেঁয়াকো বনানী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়কে বিক্ষোভ মিছিল করেন। আন্দোলনের প্রতি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরাও সংহতি জানান।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন এবং ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর ভুজপুরের পরিবর্তে নারায়ণহাট ও দাঁতমারার মধ্যবর্তী যৌক্তিক স্থান হিসেবে জুজখোলা মৌজায় স্থাপনের দাবি জানান। উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয় বলে জানা গেছে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, উত্তরাঞ্চলের তিনটি ইউনিয়নের ভোটার সংখ্যা, জনসংখ্যা ও রাজস্ব আদায় বেশি হলেও দীর্ঘদিন ধরে তাঁরা ন্যায্য নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। ভুজপুরে সদর দপ্তর স্থাপন করা হলে নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার ইউনিয়নের বাসিন্দারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবেন।
তাই জনস্বার্থ বিবেচনায় সদর দপ্তর জুজখোলা মৌজায় স্থাপনের দাবি জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে ফটিকছড়ি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে এ ধরনের আন্দোলন সমুচিত নয়। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে জেনেছি, পরীক্ষা ও ক্লাস শুরুর আগে শিক্ষার্থীরা সংহতি জানিয়ে কিছু সময় আন্দোলন ও স্লোগান দিয়েছে। তবে পরীক্ষা বর্জনের বিষয়টি সঠিক নয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, স্কুল চলাকালে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে থাকার কথা। এ সময় এ ধরনের কর্মসূচি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন