চট্টলার কণ্ঠ ডেস্কঃ এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো একজন মারা গেছেন। এনিয়ে চলতি সেপ্টেম্বর মাসের ১৫ দিনে ২৪ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৮৬ জন।
আজ রবিবার ১৫ সেপ্টেম্বর দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭৫ জন। রোগটিতে মারা গেছেন ১০৭ জন। এর মধ্যে ৭১ জনের মৃত্যু হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। যা মোট মৃত্যুর ৬৭ শতাংশ।.
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্তদের ৪৩ দশমিক ৭১ শতাংশ ঢাকা মহানগর ও ৫৬ দশমিক ২৯ শতাংশ ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। আক্রান্তদের মধ্যে ৩৮ দশমিক ৭ শতাংশ নারী ও ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ। মৃতদের মধ্যে ৫৪ দশমিক ২ শতাংশ নারী ও ৪৫ দশমিক ৮ শতাংশ পুরুষ।
গত একদিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ২৩৩ জন ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৭৭ জন।
এ ছাড়া চট্টগ্রাম ৭৯ জন, বরিশালে ৪৬ জন, খুলনায় ৩৯ জন, রংপুরে ৯ জন ও রাজশাহী বিভাগে ৩ জন ভর্তি হয়। এ নিয়ে দেশের হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৯৮১ জন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৩৩৬ জন।
দেশে প্রথম ২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সবোর্চ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর।সে বছর আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এরআগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়াই, সে বছর ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন