সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে চট্টগ্রাম জেলার আনোয়ার থানা এলাকা থেকে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করেছে র্যাব-৭।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মিডিয়া এ. আর. এম. মোজাফ্ফর হোসেন আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত আসামি হলেন, নুরুল আলম প্রকাশ মুজাহিদ(৪৩), কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রংগীখালী এলাকার আব্দুর রহমান এর ছেলে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কতিপয় মাদক কারবারি মোটরসাইকেল যোগে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল ৯ সেপ্টেম্বর রাত ১১:৪৫ মিনিটের সময় চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন আনোয়ারা এল.পি.জি অটো গ্যাস ষ্টেশন এলাকায় একটি অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ী তল্লাশী শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে ১টি মোটর সাইকেল (যার সামনের শেড এর উপর ইংরেজীতে PRESS Daily Bangladesh Observer ষ্টীকার লাগানো) চেকপোষ্টে থামিয়ে তল্লাশীকালে অভিযুক্ত নুরুল আলম প্রকাশ মুজাহিদকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে উক্ত মোটর সাইকেলটি খুলে হাফ চেসিস এর ভিতর, চেসিস বক্সের ভিতরে সর্বমোট ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পরিবহনে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৫৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবল এবং জব্দকৃত মোটর সাইকেল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন এই র্যাব কর্মকর্তা ।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন