ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে প্রসূতি মা–মেয়ের মৃত্যুর ঘটনায় আলোচিত শীলগালা ও পরবর্তীতে বন্ধ হয়ে যাওয়া ‘ফটিকছড়ি সেবা ক্লিনিক অ্যান্ড ল্যাব ইন’ সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক মানবকণ্ঠের ফটিকছড়ি প্রতিনিধি শাহনেওয়াজ নাজিমকে প্রকাশ্যে হত্যার হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি উক্ত ক্লিনিকের কার্যক্রম, লাইসেন্স ও প্রশাসনিক পদক্ষেপ সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে একটি সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক শাহনেওয়াজ নাজিমকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, গত ১৯ জুন ফটিকছড়িতে বিএনপির একটি কর্মসূচি চলাকালে যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরী তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন এবং তার ওপর শারীরিকভাবে হামলা করে পাঞ্জাবীর কলার ধরে টানাহেঁচড়া করেন।
এমপির প্রোগ্রাম চলাকালীন সময়ে প্রোগ্রামের বাইরে ন্যাক্কারজনক এই কান্ড করে বসেন যুবদলের এই নেতা। এ সময় তাকে একাধিকবার এমপি’র নাম ব্যবহার করতেও শুনা যায়।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্ত ব্যক্তিকে সাংবাদিককে উদ্দেশ করে হুমকিসূচক ও উত্তেজনাকর ভাষায় কথা বলতে দেখা যায়।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় উত্তেজিত হয়ে তিনি সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, “আইঁ রশিদ চৌধুরী ত, এই বিবিরাটত জামাত – বিএনপি গুন্ডামি গরতে হলে আরঁ লগে কথা কইজম পরিবু। তুই গুন্ডাগিরি গত্তি, তুই গুন্ডাইগিরি কাত্তে শিক্কুজ্জে, এডে গুন্ডাইগিরি কইল্লে গরজ্জে? এখন ডিলেট গর, আছারি মারি ফেলাইয়ুম, আছারি মারি ফেলাইয়ুম একবেরে দরি। তুই এখন ডিলেট গর মাদারি, তোরে শিখাইয়িযে কনে? আইঁ কন ন চিনোস, আইঁ বিবিরাটের কন নো চিনছ, এই স্পর্ধা দিল হনে তোরে, আর প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউজ গরিবেল্লাই এই স্পর্ধা দিল কনে, কোন মাগির পোয়া দিয়ি তোরে”……।
সাংবাদিক শাহনেওয়াজ নাজিম বলেন, জনস্বার্থে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করেছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। আমি নিজের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
এদিকে অনুসন্ধানে জানা গেছে, আলোচিত সেবা ক্লিনিকটির লাইসেন্স, নবায়ন ও পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে। প্রসূতি মা – মেয়ের মৃত্যুর ঘটনার পর এসব বিষয় নতুন করে আলোচনায় এসেছে।
উল্লেখ্য, ২০২৩ সালে ওই ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনিক পদক্ষেপের অংশ হিসেবে ক্লিনিকটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় ফটিকছড়ি প্রেসক্লাব নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে বলেছেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হুমকি দেওয়া স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। গণমাধ্যমকর্মীরা যাতে নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফটিকছড়ি প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক শাহনেওয়াজ নাজিমের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকি দাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা আহমেদ রশিদ চৌধুরীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ক্লিনিকটির লাইসেন্স ও পরিচালনা সংক্রান্ত অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত জরুরি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন