সজল চক্রবর্তী ।।চট্টগ্রামের ফটিকছড়িতে একটি আধুনিক ও পরিকল্পিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর ।
গত বুধবার (১২ আগষ্ট) অনুষ্ঠিত সাক্ষাতে ফটিকছড়ির বিপুল বিনিয়োগ সম্ভাবনা, শিল্পায়নের সুযোগ, স্থানীয় সম্পদ ও সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ফটিকছড়িতে একটি আধুনিক ও পরিকল্পিত ইকোনমিক জোন গড়ে তোলার প্রয়োজনীয়তা ও পরিকল্পনা বিডা চেয়ারম্যানের সামনে তুলে ধরেন এমপি সরোয়ার আলমগীর।
সাক্ষাতে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ফটিকছড়ির বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ে দ্রুত একটি কমিটি গঠন এবং সার্ভে টিম পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এমপি সরোয়ার আলমগীর বলেন, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম রূপকার বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে তাঁর দূরদর্শী পরিকল্পনা ও গতিশীল নেতৃত্ব বাংলাদেশকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিচ্ছে। আজ তাঁর সঙ্গে সাক্ষাতে ফটিকছড়ির বিপুল বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেছি।
তিনি আরও বলেন, ফটিকছড়িতে একটি আধুনিক ইকোনমিক জোন গড়ে তোলার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, আজ আনুষ্ঠানিকভাবে সেই স্বপ্নের অভিযাত্রা শুরু হলো। বিডার সার্ভে ও পরবর্তী কার্যক্রমের মাধ্যমে আমরা দ্রুত এই উদ্যোগকে বাস্তব রূপ দেওয়ার পথে এগিয়ে যেতে চাই।
স্থানীয়দের মতে, ফটিকছড়িতে ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার সঙ্গে বিপুল কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় সম্পদের কার্যকর ব্যবহার এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
এতে ফটিকছড়ির সামগ্রিক অর্থনীতি আরও গতিশীল হওয়ার পাশাপাশি চট্টগ্রামের শিল্প ও বিনিয়োগ মানচিত্রেও উপজেলার গুরুত্ব বাড়বে বলে আশা করা হচ্ছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন