বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর (ক.) প্র-পৌত্র, ত্বরিকার প্রোজ্জ্বল অধ্যাত্ম পুরুষ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-র ৩৮তম মহান ২৬ আশ্বিন উরস আগামী ১১ অক্টোবর ২০২৬ রবিবার মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মন্জিলে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার ফটিকছড়ি উপজেলা ভবনস্থ ‘বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল’এ উপজেলা প্রশাসনের সাথে এক প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম-এর সভাপতিত্বে এবং পার্বত্য রাঙ্গামাটি জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ধনঞ্জয় দেবনাথ, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, নাজিরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান, ভুজপুর থানার কর্মকর্তা মোঃ ইব্রাহিম সরকার, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক হাসান আহমেদ।
সভায় দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মন্জিলের পক্ষে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদ সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, চমেক হাসপাতাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা পরিচালনা পর্ষদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ এমরান হোসেন, নানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম, মন্জিল কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ওবাইদ নাঈম।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তাবৃন্দ, পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা। সভার পরিসমাপ্তিতে মিলাদ-কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-র মাজার শরিফ এর খাদেম মাওলানা হাবিব উল্লাহ।
মহান ২৬শে আশ্বিন উরস শরিফ উপলক্ষে গাউসিয়া হক মন্জিল প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর ৭ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে: ০২ অক্টোবর ২০২৬ শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন শাখা কমিটিসমূহের ব্যবস্থাপনায় স্ব স্ব এলাকার মসজিদে বা’দ জুমা কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠান, ০৩ অক্টোবর ২০২৬ শনিবার সকাল ১১টা: চট্টগ্রাম প্রেসক্লাব ‘জুলাই বিপ্লব স্মৃতি হল’ (৮ম তলা)-এ ‘হযরত মাওলানা সৈয়দ বজলুল করিম মন্দাকিনী (রহ.)’র জীবনী ও রচনাবলি শীর্ষক সেমিনার, ০৬ অক্টোবর ২০২৬ মঙ্গলবার: ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র জীবনী আলোচনা, র্যালি ও অন্যান্য অনুষ্ঠানমালা, ০৭ অক্টোবর ২০২৬ বুধবার: ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও স্ব স্ব প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মসূচি এবং ছাত্র-ছাত্রীদের নীতি-নৈতিকতা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা।
১০ অক্টোবর ২০২৬ শনিবার: ফটিকছড়ি উপজেলার রেজিস্টার্ড এতিমখানাসমূহে ছাত্র-ছাত্রীদের একবেলা খাবার সরবরাহ, ১১ অক্টোবর ২০২৬ রবিবার: ন্যায্যমূল্যে খাবারের দোকান, উপদেশমূলক দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, অস্থায়ী টয়লেটের ব্যবস্থা, ১২ অক্টোবর ২০২৬ সোমবার: ভোর ৬টায় পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি: হযরত কেবলার রওজা শরিফ মাঠ হতে শান-ই আহমদীয়া গেইট পর্যন্ত।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন