আফজাল হোসেন জয়:লামা (বান্দরবান) প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে আবারও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ইউনিয়নের হিমছড়ি পাড়া ২ নম্বর ওয়ার্ডে তিনটি বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১১ জনের একটি ডাকাত দল পাহাড় থেকে নেমে প্রথমে ছৈয়দ আমিনের বাড়িতে প্রবেশ করে। সেখানে একটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার পাশাপাশি ঘরে রান্না করা ভাত-তরকারি খেয়ে চলে যায়। পরে তারা গুরা পুতুর বাড়িতে গিয়ে নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে এবং সেখানেও রান্না করা খাবার খায়।
সবশেষে ডাকাতরা গরু ব্যবসায়ী আহমদ হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের পাঁচ সদস্যকে একটি কক্ষে জিম্মি করে তাদের হাত পিছমোড়া করে বেঁধে রাখা হয়। পরে ঘরে থাকা প্রায় লক্ষাধিক টাকা, নতুন কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আহমদ হোসেন অভিযোগ করে বলেন, “ডাকাতরা প্রথমে ঘরের দরজা ভেঙে ঢোকে। আমাকে বুকে লাথি ও হাতে লাঠি দিয়ে আঘাত করে। আমার স্ত্রীকে দা দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে ছেলেকে মারধর শুরু করলে প্রাণভয়ে ঘরে থাকা সব টাকা-পয়সা তাদের দিয়ে দিই।”
এ ঘটনায় আহমদ হোসেন ও তার স্ত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুর রহিম বলেন, “আমি বর্তমানে ছুটিতে আছি। আমার বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।”
উল্লেখ্য, এর আগে একই ইউনিয়নে সাংবাদিক কায়ছার হামিদ ও ব্যবসায়ী জাহাঙ্গিরের বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছিল। পরপর এমন ঘটনায় আজিজনগর ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন