রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলির নেতৃত্বে বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের নোয়াপতং মুখপাড়া, তারাছাপাড়া, তালুকদারপাড়া ও ছাইংগ্যা দানেসপাড়ায় পৃথকভাবে ৩৩৪টি বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি বিস্কুট এবং ১ কার্টন (১০০ প্যাকেট) শুকনা খাবার প্রদান করা হয়।
ত্রাণ বিতরণের পাশাপাশি ইউএনও তাজমিন আলম তুলি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক ও যোগাযোগ অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পুনর্বাসন ও সংস্কার কার্যক্রমের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় ইউএনও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা প্রদান করা হবে।
সরকারের এ মানবিক উদ্যোগে স্থানীয় বন্যাদুর্গত মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ায় উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, ইউপি সদস্য মোহাম্মদ মোরশেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন