হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শুক্রবার (১৭ জুলাই) রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠসহ পৃথক পৃথক স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি রোয়াংছড়ি উপজেলা ও বান্দরবান সদর উপজেলার জামছড়ি এলাকার মোট ৫০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণের আগে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সব ধরনের জরুরি সহায়তা দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, “দুর্যোগের এই কঠিন সময়ে সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোনো পরিবারকে সহায়তা থেকে বঞ্চিত রাখা হবে না। প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।”
তিনি আরও বলেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমও গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হবে, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
সরকারের এই মানবিক উদ্যোগে স্থানীয় বন্যাদুর্গত মানুষের মধ্যে স্বস্তি ও ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোহাম্মদ ওহাবুল ইসলাম খন্দকার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সেবা পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ হাছান চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, রোয়াংছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থান লিয়ান বুইতিং, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, শৈসাঅং মারমা, শ্যামল তঞ্চঙ্গ্যা, হাইনুমং মারমাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন