চট্টলার কণ্ঠ ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং সাধারণ ভোক্তাদের জন্য দাম সহনীয় রাখতে খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এতে বলা হয়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে খেজুর আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এ সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
এনবিআর জানায়, রমজান মাসে ইফতারের অন্যতম প্রধান খাদ্য খেজুর যেন সব শ্রেণির মানুষের নাগালের মধ্যে থাকে এবং জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ জাতীয় বাজেটে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের মাধ্যমে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি খেজুর ও অন্যান্য ফল আমদানিতে বিদ্যমান ৫০ শতাংশ অগ্রিম আয়কর রেয়াত চলতি বছরও বহাল রাখা হয়েছে।
এনবিআরের কর্মকর্তারা জানান, শুল্ক ও অগ্রিম আয়কর কমানোর ফলে খেজুর আমদানির ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। এতে রমজান মাসে বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে।
এনবিআর আশা প্রকাশ করেছে, সরকারের এ উদ্যোগের ফলে পবিত্র রমজান মাসজুড়ে খেজুরের দাম সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন