রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: “সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রোয়াংছড়ি থানা পুলিশের উদ্যোগে উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবীরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বটতলি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলি পাড়ায় গিয়ে শেষ হয়। এতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে বটতলি পাড়ায় অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন রোয়াংছড়ি থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবীর।
তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক নিয়ন্ত্রণে আইনগত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি।
সমাবেশে রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শাওন কুমার বিশ্বাস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ শরিফুল ইসলাম ও এএসআই মোহাম্মদ নাদেমুল উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মাদকবিরোধী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন