চট্টগ্রামের বোয়ালখালীতে অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী বানু মেম্বার টেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন— দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলা উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় কাজ চলাকালে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দগ্ধ হন ১০ শ্রমিক। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান তিনি।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন