মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত মানববন্ধন থেকে জলাভূমি দখল, অবাধ বন উজাড় এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পরিবেশ আদালত আইন-২০১০ সংশোধন, জ্বালানি ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং এ খাতে সংঘটিত অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।
বুধবার (৪ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) চকরিয়া এ মানববন্ধনের আয়োজন করে।
“পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন: এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে কার্যকর পদক্ষেপের” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সনাক চকরিয়ার সভাপতি সন্তোষ কুমার সুশীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য জামাল সাকিব। দিবসটির তাৎপর্য তুলে ধরে টিআইবির ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস-এর সহ-দলনেতা পুষ্পিতা চৌধুরী।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাজিয়ান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হাসান, সনাক সদস্য বশির আহমেদ, সনাকের সাবেক সভাপতি বুলবুল জান্নাত শাহীন এবং টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন সনাক সদস্য জারিয়াতুল মোস্তফা, মোহাব্বত চৌধুরী, ফাতেমা বেগম, সাংবাদিক শাহ মোহাম্মদ জাহেদ, শফিউল আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে বিশ্বজুড়ে দৃশ্যমান। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে হলে ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ বর্তমান হারের অর্ধেকে এবং ২০৫০ সালের মধ্যে প্রায় শূন্যে নামিয়ে আনতে হবে। এ লক্ষ্য অর্জনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌর, বায়ু ও পানি থেকে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
মানববন্ধনে টিআইবি প্রস্তাবিত ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য সমন্বিত জাতীয় নীতি প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি, সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে কর-শুল্ক হ্রাস, স্থানীয় উৎপাদন সক্ষমতা উন্নয়ন, ই-বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং পরিবেশবিষয়ক অপরাধ দমনে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা।
বক্তারা আরও বলেন, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারসংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই এ খাতে বিদ্যমান দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
মানববন্ধনে সনাক, ইয়েস ও এসিজির সদস্যদের পাশাপাশি সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন