সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবান সদর হাসপাতালের দীর্ঘদিনের চরম অব্যবস্থাপনা দূরীকরণ, ২৫০ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু এবং আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘বান্দরবান সচেতন ছাত্র সমাজ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে সাম্প্রতিক হাম পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের অবহেলা ও তালবাহানার তীব্র প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অথচ বান্দরবান সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার চরম অভাব রয়েছে। আইসিইউ না থাকা, সরকারি অ্যাম্বুলেন্স সংকট এবং হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সামনে আরও বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং জেলা প্রশাসকের নিকট পৃথক স্মারকলিপি প্রদান করেন।
বান্দরবান ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করা।
সদর হাসপাতালে অবিলম্বে আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপন।
আধুনিক সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করা।
হাম প্রতিরোধ, চিকিৎসা ও ব্যবস্থাপনায় সকল ধরনের অবহেলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও পর্যাপ্ত ওষুধের সংস্থান করা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, এসব যৌক্তিক দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে আরও বৃহত্তর ও কড়া শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন