আফজাল হোসেন জয়: লামা (বান্দরবান) প্রতিনিধি। গতকাল বৃহস্পতিবার ২০ আগস্ট পুনর্গঠিত হলো বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। চেয়ারম্যান সহ ১৫ সদস্য বিশিষ্ট এই পরিষদে বাদ পড়েছে জনবহুল লামা উপজেলা সহ আরও দুটি উপজেলা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিষদ পুনর্গঠনের বিষয়টি জানা যায়। কিন্তু এর মধ্যে তিনটি উপজেলা থেকে জেলা পরিষদে কোন সদস্য পদ না পাওয়ায় পুরো জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ ও সমালোচনা করতে দেখা গেছে অনেককে।
আবার অনেকে খোলা চিঠি লিখেছেন, লামা উপজেলা হতে জেলা পরিষদ সদস্য অন্তর ভুক্ত করার জন্য। কেউ আবার ক্ষোভে বান্দরবান বয়কট এর কথা বলছেন। হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন বহুব্যক্তি। জনসাধারন বলছে আবারও বৈষম্যহীনতার কথা বলে, বৈষম্য করা হলো আমাদের সাথে।
জেলা পরিষদ পুনর্গঠনের প্রজ্ঞাপনে দেখা যায়, বান্দরবানের ৭টি উপজেলার মধ্যে মাত্র ৪টি উপজেলা থেকে সদস্য নেওয়া হলেও ৩টি উপজেলা থেকে এক জন সদস্যও রাখা হয়নি অথচ বান্দরবান সদর উপজেলা থেকে চেয়ারম্যান সহ-এক উপজেলা থেকে মোট ৯ জন সদস্য নেওয়া হয়েছে। তাছাড়াও আলীকদম উপজেলা থেকে ২ জন, রোয়াংছড়ি উপজেলা থেকে ২ জন ও রুমা উপজেলা থেকে ২ জন রাখা হয়েছে। কিন্তু লামা উপজেলা বান্দরবানের ৭টি উপজেলার মধ্যে সবচেয়ে জনবহুল একটি উপজেলা হওয়া স্বত্বেও কোন সদস্য রাখা হয়নি এই উপজেলা থেকে। তাছাড়াও নাইক্ষ্যংছড়ি ও থানচি থেকেও কোন সদস্য রাখা হয়নি। ফলে তিন উপজেলার জনসাধারনের মাঝে শুরু হয়েছে বিরূপ প্রতিক্রিয়া ও আলোচনা সমালোচনার ঝড়।
বান্দরবান জেলার পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বলেন, বান্দরবান জেলার সবচেয়ে জনবহুল উপজেলা হল লামা। লামার সামাজিক, অর্থনৈতিক,যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনস্বাস্থ্যমূলক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বান্দরবান জেলা পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে লামা উপজেলার থেকে ১ জন প্রতিনিধি অবশ্যই দরকার ছিলো। আমি মনে করছি, জেলা পরিষদ গঠনে যারা ভুমিকা রেখেছেন তাদের এই বিষয়টি বিবেচনায় রাখা দরকার ছিল। লামা যেহেতু সর্বোচ্চ জনসংখ্যার উপজেলা, সেহেতু জেলা পরিষদে লামা উপজেলার কোন সদস্য না রাখার বিষয়টি জনগণের মাঝে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এদিকে হিন্দু সম্প্রদায় থেকে এক জনও সদস্য না রাখায় তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রাজিব চন্দ্র ধর বলেন, বান্দরবান জেলায় মোট ১৬,৪৫৪ জন হিন্দু ধর্মাবলম্বী বসবাস করেন। এটি বান্দরবান জেলার মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ। মূলতঃ জেলা পরিষদ পুনর্গঠনে আমাদের সাথে বৈষাম্য করা হয়েছে।
বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা বলেন, “আমরা লামা থেকে সরাবান তহুরার নাম পাঠিয়েছিলাম। কিন্তু আইডি কার্ড জটিলতার কারনে তাকে বাদ দেওয়া হয়েছে। লামার মতো জনবহুল এলাকায় সদস্য না পাওয়ায় দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে সেটা রিফর্ম করা হবে। তবে নিশ্চয়তা দিচ্ছি লামাবাসী অবহেলিত হবেনা।”
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন