সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাজপুত্র সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বান্দরবান জেলা শাখা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান জনসমুদ্রে রূপ নেয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাংসদ রাজপুত্র সাচিং প্রু জেরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা দেশ ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। তিনি পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।
তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম বিভাগের অন্তর্গত বান্দরবান জেলা এখনো শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোর দিক থেকে পিছিয়ে রয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী এসব খাতে দ্রুত উন্নয়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা গ্রহণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
বান্দরবানের পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরে সাচিং প্রু জেরী বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে জেলাকে আধুনিক ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, তারেক রহমান দেশের জন্য এক মূল্যবান সম্পদ এবং তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরীর সহধর্মিণী মিসেস মম চিং, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মাহবুদ ও মোহাম্মদ মজিবুর রশিদ, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কুদুস, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলার সাত উপজেলা থেকে আগত হাজারো সমর্থক ও নেতাকর্মীর স্লোগানে মুখর হয়ে ওঠে রাজার মাঠ। বাঙালি, মারমা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, খিয়াং, খুমি, বম ও লুসাইসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পায় সম্প্রীতির এক অনন্য মাত্রা। রঙিন ঐতিহ্যবাহী পোশাক, দলীয় পতাকা ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজন হয়ে ওঠে বর্ণাঢ্য ও প্রাণবন্ত।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন