সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। মাতামুহুরী ও শঙ্খনদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। জেলা শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি, ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন এখন দুঃসহ হয়ে উঠেছে। হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় খাদ্য, পানীয় জল ও জরুরি ঔষধের তীব্র সঙ্কটে পড়েছেন। এই মারাত্মক পরিস্থিতিতে যখন কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় “ফটোবাজি” ও “ত্রাণ বিতরণ” প্রদর্শনীতে ব্যস্ত, তখন ব্যতিক্রমী ও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম।
বান্দরবানের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় সশরীরে হাজির হয়ে তিনি দিনরাত নিরলসভাবে মানুষের সাহায্য করে যাচ্ছেন।
সরজমিনে দেখা যায়, জহির উদ্দিন মাসুম নিজেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। তিনি অত্যন্ত যত্ন সহকারে বন্যার্ত মানুষের পাতে খাবার পরিবেশন করছেন। তাঁর এই কর্মকাণ্ড প্রমাণ করে যে তিনি কেবল একটি রাজনৈতিক সংগঠনের নেতা নন, বরং তিনি এই ভয়াবহ সময়ে মানুষের পাশে দাঁড়ানো এক প্রকৃত জনদরদী নেতা।
বান্দরবান শহরের বিভিন্ন ওয়ার্ড এবং প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ী ছেড়ে সরকারি আশ্রয়কেন্দ্রে অথবা আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মোবাইল নেটওয়ার্কের বিপর্যয়ের কারণে তারা আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বন্যা পরিস্থিতির ভয়াবহতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পানিবাহিত রোগ ও খাদ্য সঙ্কটের আশঙ্কা আরও বাড়ছে। সরকার এবং বিভিন্ন এনজিও ত্রাণ কার্যক্রম পরিচালনা করলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল বলে স্থানীয়রা জানিয়েছেন।
এই চরম বিপদের মধ্যে জহির উদ্দিন মাসুমের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। তিনি নিজেই নৌকা দিয়ে বন্যার্ত মানুষের কাছে খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি ঔষধ পৌঁছে দিচ্ছেন। কোনো ধরনের প্রচার-প্রচারণা বা ক্যামেরার প্রতি আগ্রহ না দেখিয়ে তিনি শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে এই কাজ করে যাচ্ছেন। তাঁর এমন আন্তরিকতা অন্যান্য জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের জন্য একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা জানান, “অন্যান্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার জন্য আসেন এবং অল্প কিছু ত্রাণ দিয়েই চলে যান। কিন্তু মাসুম ভাই অনেকদিন ধরেই দিনরাত পরিশ্রম করছেন। উনি না থাকলে আমাদের অবস্থা আরও খারাপ হতো।”
এই ভয়াবহ মুহূর্তে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সরকারি সহায়তার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই কাজে জহির উদ্দিন মাসুমের মতো আন্তরিক ও নিবেদিতপ্রাণ মানুষের প্রচেষ্টা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। প্রশাসনের উচিত যত দ্রুত সম্ভব সঠিক ত্রাণ বিতরণ নিশ্চিত করা এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের পরিকল্পনা দ্রুত কার্যকর করা।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন