সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ বান্দরবান পৌরসভাধীন কালাঘাটায় প্রাকৃতিক পরিবেশ বিনাশ করে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে সুমন বড়ুয়া (৫৬) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার (০২ আগস্ট ) বান্দরবান পৌরসভার ০৩ নং ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় বান্দরবান সদর উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ লুৎফর রহমান।
এতে পরিবেশ সংক্রান্ত প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোহাম্মদ নুর উদ্দিন।
জানা যায়, কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় প্রাকৃতিক পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে। পাহাড় কাটার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)’ এর ধারা ৬(খ) লঙ্ঘনের দায়ে সুমন বড়ুয়াকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। একই সাথে অভিযুক্তকে ভবিষ্যতে আর কোনো ধরনের পাহাড় কাটায় লিপ্ত না হওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক দিক থেকে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে বান্দরবান সদর থানা পুলিশ।
প্রাকৃতিক ভারসাম্য ও পাহাড় সুরক্ষার বিষয়ে পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় যেকোনো অবৈধ পাহাড় কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এই ধরনের যৌথ সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন