সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃবান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে এক বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং কোমলমতি শিশুদের শিক্ষার আলো ছড়ানো পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি ‘পাড়াকেন্দ্র’ স্কুল আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। সুবিচারের আশায় এবং জানমালের নিরাপত্তায় কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. আব্দুল কালাম।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৫নং সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুইট্যাঝিরি পাড়ায় অভিযুক্ত আবুল হোসেন (প্রকাশ আবুল) স্থানীয় এক বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে বিদ্যুতের বাল্ব ও আসবাবপত্র ভাঙচুর চালান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। অভিযোগ রয়েছে, ঘরে থাকা ৩ জন নারীকে বের করে দিয়ে এলাকা ছাড়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয়।
পরবর্তীতে একই রাতে রাত আনুমানিক ৩টার দিকে ওই এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষা ও বিকাশের কেন্দ্র হিসেবে ব্যবহৃত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের “পাড়াকেন্দ্র” স্কুলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে স্কুলের ঘরসহ ভেতরের বই-পুস্তক ও প্রয়োজনীয় আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ফলে বর্তমানে এলাকার ছোট ছোট কোমলমতি শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
ভুক্তভোগী মো. আব্দুল কালাম অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি ইতিপূর্বেও একই ধরনের ঘটনা ঘটালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শালিসি বৈঠক হয়। তবে তিনি শালিসির সিদ্ধান্ত অমান্য করে অনবরত বাড়িঘরে আগুন দিয়ে স্বপরিবারে হত্যার হুমকি দিয়ে আসছেন। গায়ের জোরে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপকর্ম চালিয়ে যাওয়ায় পুইট্যাঝিরি পাড়ার বাসিন্দারা বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দীপেন জানান, “খবর পেয়ে আমি সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে আমাদের একটি তদন্ত টিম কাজ করছে।”
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন