চট্টগ্রাম প্রতিনিধি – সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মধ্যম পুইছড়ি, ১১ নং ইউনিয়ন, ১ নং ওয়ার্ডের দুর্গম এলাকাস্থ জলদাশ পাড়া ও ৪ নং ওয়ার্ডের দাস পাড়ার অসহায়দের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম বৃহৎ মানবাধিকার সংগঠন ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)’।
মানবাধিকার রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানবতার সেবায় ‘ভালোবাসার উপহার’ হিসেবে এই এলাকার প্রায় ১০০ টি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। বিএইচআরএফ-এর সদস্যরা বন্যাদুর্গত এই এলাকায় সশরীরে ছুটে যান এবং অসহায় পরিবারগুলোর হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন।এই মহতী ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সংগঠনের মহাসচিব এডভোকেট এ এম জিয়া হাবীব আহসান, ডাইরেক্টর অর্গানাইজেশন এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, মহানগর বায়েজিদ শাখার সাধারণ সম্পাদক এডভোকেট কে এম শান্তনু চৌধুরী, স্টুডেন্ট কাউন্সিলের সদস্য মাহির শাহরিয়ার, বিশিষ্ট সমাহকর্মী সাজিবুর রহমান প্রমুখ।
ত্রাণ বিতরণকালে সংগঠনের মহাসচিব এডভোকেট এ এম জিয়া হাবীব আহসান জানান, অসহায় মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এছাড়াও, তিনি এই দুর্গম অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নের সরকারের প্রতি আহবান জানান। সর্বপরি যারা এই মানবিক উদ্যোগে আর্থিক, কায়িক ও মানসিকভাবে সহায়তা প্রদান করে পাশে থেকেছেন, তাদের সকলের প্রতিও সংগঠনটির পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
উল্লেখ্য যে, ইতিপূর্বে বাঁশখালীর পূর্ব বাঁশখালা পাড়ার বন্যাদুর্গত এলাকায় ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন প্রায় ২৫০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন