মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বৃহৎ কৃত্রিম ফুটবল মাঠ ‘বরইতলী দি গ্যালারী ফুটবল টার্ফ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথার পশ্চিম পাশে (গ্যাস পাম্প সংলগ্ন) এ টার্ফের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই শ্লোগানকে সামনে রেখে বরইতলী দি গ্যালারীর তত্ত্বাবধানে নির্মিত এই ফুটবল টার্ফটি দক্ষিণ চট্টগ্রাম ও চকরিয়া অঞ্চলের প্রাইভেট সেক্টরের মধ্যে সবচেয়ে বড় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আধুনিক প্রযুক্তিতে নির্মিত কৃত্রিম ঘাসের এই টার্ফটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজনের উপযোগী।
‘
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টার্ফের শুভ উদ্বোধন করেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মুফাজ্জেল হোসেন, বরইতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল ইসলাম, উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, বরইতলী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম, বরইতলী ইউনিয়নের রাজনীতিবিদ সাবিদ হোসেন নকিব ও শওকত ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন টার্ফের জায়গার মালিক, ব্যবসায়ী ও সমাজসেবক মনছুর আলম, দি গ্যালারী ফুটবল টার্ফ আয়োজন কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন এলাকার শতশত দর্শক।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ছালেকুজ্জামান বলেন, “এই বরইতলী দি গ্যালারী ফুটবল টার্ফটি মূলত যুবসমাজের জন্য তৈরি করা হয়েছে। নীতিমালার আলোকে স্থানীয়সহ বিভিন্ন উপজেলা ও এলাকার খেলোয়াড়রা এখানে খেলাধুলা করতে পারবেন। শীত-বর্ষা সব মৌসুমেই এই মাঠ খেলার উপযোগী। এতে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে বরইতলী বিএন সোলজার ক্রীড়া সংঘ ও চকরিয়া কাঁচাবাজার রুবেল স্পোর্টিং ক্লাব। উত্তেজনাপূর্ণ খেলায় বরইতলী বিএন সোলজার ক্রীড়া সংঘ ৪-০ গোলে চকরিয়া কাঁচাবাজার রুবেল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে বরইতলী দি গ্যালারী ফুটবল টার্ফ কমিটির পক্ষ থেকে অংশগ্রহণকারী দুই দলের হাতে অতিথিবৃন্দ ছোট ও বড় দুটি গোল্ডকাপ তুলে দেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন