চট্টগ্রাম বন্দরে নোঙর করে থাকা একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী একটি তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর সূত্রে জানা গেছে, ডিজেলবাহী ট্যাংকার এমটি সি স্পাইক (IMO: 9629952) নোঙর করে থাকা এমভি সান শাইন (IMO: 9405435)-এর সঙ্গে সংঘর্ষে জড়ায়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র স্রোতের কারণে এমটি সি স্পাইকের নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।’
তিনি বলেন, ‘সংঘর্ষের পরও ট্যাংকারটির সব কটি কার্গো ট্যাংক অক্ষত রয়েছে। কার্গো ট্যাংকে পানি প্রবেশ করেনি এবং কোনো তেলও ছড়িয়ে পড়েনি।’
তবে এমটি সি স্পাইকের ইঞ্জিন রুমের পোর্ট কোয়ার্টারে প্রায় এক বর্গমিটার আকারের ফাটল দিয়ে পানি ঢুকে সাময়িক বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। এ অবস্থায় ইমার্জেন্সি ব্যাটারির সাহায্যে জাহাজের ভিএইচএফ যোগাযোগব্যবস্থা সচল রাখা হয়েছে।
জাহাজটি স্থিতিশীল রাখতে দুটি নোঙরের প্রতিটিতে ১০ শ্যাকেল করে ক্যাবল ছাড়া হয়েছে। জোয়ার-ভাটার হিসাব অনুযায়ী, ভাটার সময়ও জাহাজটি নিরাপদে ভাসমান থাকবে বলে জানান বন্দর কর্তৃপক্ষের সচিব।
দুর্ঘটনার পরপরই উদ্ধার ও সহায়তা কার্যক্রম শুরু করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। বন্দর কর্তৃপক্ষের টাগবোট কাণ্ডারি-৮ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যুক্ত হয়েছে।
দ্রুত জ্বালানি তেল খালাসের জন্য শিপিং এজেন্ট প্রাইড শিপিংকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফাটল মেরামত ও উদ্ধারকাজের জন্য একটি স্যালভেজ কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। জাহাজের মাস্টারের সঙ্গে সার্বক্ষণিক ভিএইচএফ যোগাযোগ রাখা হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পরও চট্টগ্রাম বন্দরের চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন