চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার ভবনের শপিংমলের পাঁচতলা থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টা ১৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, পাঁচলাইশ থানার বিপ্লব উদ্যানসংলগ্ন ফিনলে স্কয়ার ভবনের পাঁচতলা থেকে অজ্ঞাত ওই ব্যক্তি নিচে পড়ে যান। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
হাসপাতাল সূত্র জানায়, নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে হাসপাতালে নিয়ে আসেন ফিনলে স্কয়ারের সিকিউরিটি সুপারভাইজার প্রিয় দত্ত।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কীভাবে ওই ব্যক্তি ভবন থেকে নিচে পড়ে গেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন