থাইল্যান্ডের নাখন রাতচাসিমা প্রদেশে একটি ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৯ জন। উচ্চগতির রেললাইন প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়লে ট্রেনটি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখন রাতচাসিমা প্রদেশের থানন খোট এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন প্রদেশের পুলিশপ্রধান থাচাপোন চিন্নাওং। খবর প্রকাশ করেছে বিবিসি ও আলজাজিরা।
রাতচাসিমা রাজ্য রেলওয়ের বরাতে বিবিসি জানায়, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে অন্তত ১৯৫ জন যাত্রী ছিলেন। তবে প্রকৃত যাত্রীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাখন রাতচাসিমা প্রাদেশিক জনসংযোগ দপ্তরের বিবৃতিতে জানানো হয়, নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ট্রেনের ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং পরে আগুন ধরে যায়। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রেনের বগিগুলো কাত হয়ে পড়ে আছে এবং ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে।
দুর্ঘটনার পর ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।
থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিটপ্রাকর্ণ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, দুর্ঘটনায় পতিত ক্রেনটি ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি উচ্চগতির রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটির মাধ্যমে ২০২৮ সালের মধ্যে লাওস হয়ে ব্যাংকককে চীনের কুনমিংয়ের সঙ্গে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
উল্লেখ্য, থাইল্যান্ডে অবকাঠামো নির্মাণকাজে নিরাপত্তা ত্রুটির কারণে অতীতেও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। গত বছরের মার্চে ভূমিকম্পের সময় নির্মাণাধীন একটি টাওয়ার ধসে শতাধিক মানুষের প্রাণহানি হয়। এছাড়া ব্যাংকক থেকে দেশের দক্ষিণাঞ্চলে সড়ক উন্নয়ন প্রকল্পে গত সাত বছরে প্রায় ১৫০ জন নিহত হয়েছেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন