চট্টগ্রাম প্রতিনিধি :
সাঙ্গু নদীর ওপর নির্মিত ৫১৫ মিটার দীর্ঘ তৈলারদ্বীপ সেতুটি প্রায় ১ বছর ১০ মাস টোলমুক্ত থাকার পর, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কর্তৃক তিন বছর মেয়াদে পুনরায় টোল আদায়ের লক্ষ্যে যে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন আনোয়ারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরী।
তিনি সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার ২ জুলাই তারিখের ‘দৈনিক পূর্বদেশ’ পত্রিকায় প্রকাশিত “তৈলারদ্বীপ সেতুতে আবারও টোল আদায়ের উদ্যোগ” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।আনোয়ারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং গভীর ক্ষোভ প্রকাশ করছি।
তিনি উল্লেখ করেন নদীর ওপর নির্মিত ৫১৫ মিটার দীর্ঘ তৈলারদ্বীপ সেতুটি আনোয়ারা ও বাঁশখালী উপজেলার লাখো মানুষের যাতায়াতের একমাত্র লাইফলাইন। বিগত ২০০১ সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০০৬ সালে এটি চালু হয়। অত্যন্ত পরিতাপের বিষয়, গত ১৮ বছর ধরে এই একটিমাত্র সেতু থেকে প্রতিনিয়ত টোল আদায় করা হয়েছে। এই দীর্ঘ সময়ে সেতুর মূল নির্মাণ ব্যয়ের (৩০ কোটি টাকা) চেয়ে অন্তত তিন গুণ বেশি অর্থ (প্রায় ৯০ কোটি টাকা) ইতিমধ্যেই সরকারি তহবিলে জমা হয়েছে। যে সেতুর নির্মাণ ব্যয়ের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায় হয়ে গেছে, সেখানে কোন যুক্তিতে এবং কার স্বার্থে আবারও টোল আদায়ের এই অন্যায্য ও গণবিরোধী সিদ্ধান্ত নেওয়া হলো—তা আমাদের বোধগম্য নয়। এই বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে আনোয়ারা, বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের দৈনিক যাতায়াতকারী চাকুরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নতুন করে তীব্র আর্থিক বোঝা চেপে বসবে। একই সাথে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের খরচ বৃদ্ধি পেয়ে সাধারণ ভোক্তার পকেট কাটবে। আরো জানান, ইতপূর্বে ২০২৪ সাল থেকে সর্বস্তরের জনসাধারণের দাবির মুখে এই সেতুর টোল আদায় বন্ধ হয়েছিল। দীর্ঘদিন টোলমুক্ত থাকার পর হঠাৎ করে পুনরায় টোল আদায়ের এই পাঁয়তারা এই অঞ্চলের শান্ত পরিস্থিতিকে অশান্ত করার একটি অপচেষ্টা মাত্র। আমরা স্পষ্ট করে বলতে চাই, দক্ষিণ চট্টগ্রামের মানুষ এই জুলুমবাজি সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না।আমরা অবিলম্বে সড়ক ও জনপথ বিভাগকে এই বিতর্কিত টোল আদায়ের ইজারা বিজ্ঞপ্তি বাতিল করে তৈলারদ্বীপ সেতুকে “চিরস্থায়ীভাবে টোলমুক্ত” ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, আনোয়ারা ও বাঁশখালীর সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আনোয়ারা ফাউন্ডেশন তীব্র গণ-আন্দোলন ও মানববন্ধনের ডাক দিতে বাধ্য হবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন