চট্টলার কণ্ঠ ডেস্ক:টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন পাচারকারী আটক।
মঙ্গলবার ৬ মে বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ মে মঙ্গলবার ভোর ৪ টায় কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশী করে মাছ রাখার বক্সের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারী কেফায়েত উল্লাহ (৩০) টেকনাফ ও জাহেদ হোসেন (৩২) পালংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
অপরদিকে অদ্য দুপুর ৩ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি সিএনজি তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন