বান্দরবান প্রতিনিধিঃপাহাড়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষে অবিলম্ব জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বান্দরবানের থানছি উপজেলায় এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগষ্ট) থানচি উপজেলায় আয়োজিত এ গণসমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পুনরুজ্জীবিত করা, পাহাড়ি জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনের জোর দাবি জানানো হয়।
গণসংহতি আন্দোলন, থানচি উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মংসাই মারমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির জাতিগত বৈচিত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিংয়া ম্রো।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট উবাথোয়াই মারমা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মূল দর্শনই ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ। পাহাড় কিংবা সমতল—দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হলে ‘জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।” তিনি পাহাড়ি জনগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার অকাতর আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তার সুফল দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে হবে। একটি সার্বভৌম, মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পাহাড়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে থানচি উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ ও স্থানীয় নেতাকর্মী অংশ নেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন