চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ওয়ার্ড পর্যায়ে ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটি (ডিল্যাক) কর্নার স্থাপনের মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য আইনি সহায়তা ও ন্যায়বিচার আরও সহজলভ্য করার লক্ষ্যে একটি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সিএসও হাবের উদ্যোগে, ব্রাইট বাংলাদেশ ফোরাম (BBF) ও অ্যাকশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় বাস্তবায়িত “Supporting the Unity and Sustainability of Civil Society Organizations to Uphold Human Rights, National Integrity, and Rule of Law in Bangladesh (SUSHIL)” প্রকল্পের আওতায় আজ মংগলবার ১৫ সেপ্টেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুব্রত দাশ, সিনিয়র সহকারী জজ ও ডিল্যাক অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্তা দত্ত, ইনচার্জ, ভিক্টিম সাপোর্ট সেন্টার; রিদুয়ানুল হাকীম রিয়াদ, ম্যানেজার, ব্রাইট বাংলাদেশ ফোরাম; আল হুরাইন তাজ মিহীর, আঞ্চলিক সমন্বয়কারী, BLAST, চট্টগ্রাম এবং আলী আশরাফ আজগরী, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিএসও হাব।
সভায় সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। ডিল্যাক কর্নারের প্রস্তাবিত কাঠামো, কার্যক্রম ও সম্ভাব্য বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উপস্থাপনা করেন চট্টগ্রাম সিএসও হাবের প্রেস সেক্রেটারি জনাব সাকিবুল হাসান। সভাটি পরিচালনা করেন চট্টগ্রাম সিএসও হাবের সভাপতি জনাব মো. আদনানুর রহমান।
সভায় বক্তারা বলেন, ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার স্থাপন করা হলে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ, দরিদ্র ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তাদের নিজ নিজ এলাকায় আইনি পরামর্শ, প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়ার সুযোগ পাবেন। এতে আইনি সহায়তা ব্যবস্থার সঙ্গে জনগণের সরাসরি সংযোগ আরও শক্তিশালী হবে এবং ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সময়, ব্যয় ও ভোগান্তি কমবে।
প্রধান অতিথি সুব্রত দাশ বলেন, জনগণের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দিতে স্থানীয় পর্যায়ে কার্যকর সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন। ডিল্যাক কর্নার এই উদ্যোগকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করার একটি কার্যকর মাধ্যম হতে পারে।
সভায় সরকারি প্রতিষ্ঠান, আইন সহায়তা প্রদানকারী সংস্থা, নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, ভিক্টিম সাপোর্ট ব্যবস্থা, গণমাধ্যম ও সংশ্লিষ্ট অন্যান্য স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয় জোরদার করে চসিকের ওয়ার্ড পর্যায়ে ডিল্যাক কর্নার প্রতিষ্ঠার বিষয়ে মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন