চট্টগ্রাম নগরের খুলশী থানার ডাকাতি মামলায় আসামি মো. জসিম ওরফে ‘সিলেটি জসিম’কে (৩৯) ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। দীর্ঘদিন পলাতক থাকা এ আসামির বিরুদ্ধে আদালতের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ রয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে এ তথ্য জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
গ্রেপ্তার জসিম চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার বাসিন্দা। তার বাবার নাম সরাফত আলী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মো. জসিম ওরফে সিলেটি জসিমকে ধরতে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা এলাকার গ্যাসলাইন এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার (৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে র্যাব-৭ ও ময়মনসিংহের র্যাব-১৪ একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, খুলশী থানার ডাকাতি মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে তার আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন