ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় নজিরবিহীন প্রস্তুতি নেওয়া হয়েছে। ১১৫ জন জুডিশিয়াল ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে কাজ করছেন প্রায় ৪০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি জারির পর থেকে সংশ্লিষ্ট সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করায় জেলার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। পুরো জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।’
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘প্রত্যেক ম্যাজিস্ট্রেটের অধীনে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। তারা সার্বক্ষণিক টহল ও মুভমেন্টের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। নিয়মিত তল্লাশি অভিযানে কিছু অর্থ জব্দ করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনে প্রশাসনের লক্ষ্য কেবল ভোটগ্রহণ সম্পন্ন করা নয়। বরং প্রতিটি ভোটার যেন নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করা।’
সীতাকুণ্ড ও রাউজানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলে জানান তিনি। কোনো ধরনের উদ্বেগের ইঙ্গিত পাওয়া গেলে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৭ জন, নারী ৩১ লাখ ৯৮ হাজার ৫৭০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭০ জন। জেলার ১ হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন