মোহাম্মদ জুবাইর, চকরিয়া প্রতিনিধি :কক্সবাজারের চকরিয়ায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ শাহেদ (২০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত শাহেদ (১৮) সাহারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোলতান আহমদের ছেলে। বুধবার (৭ মে) সকালে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাহারবিল ইউনিয়ন পরিষদের রেলব্রিজ সংলগ্ন পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সাথে লাগোয়া স্থানীয় আবু ছৈয়দের বাড়িতে কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। কাজ করার জন্য বাড়ির দ্বিতীয় তলায় উঠলে হঠাৎ করে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যাওয়ার কিছুক্ষণ পর নদীতে পড়ে যায় নির্মাণ শ্রমিক শাহেদ। পরে স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. এমরান গনি জানান, আমাদের বিদ্যুতের তারের সাথে জড়িয়ে নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবরটি শুনেছি। কিভাবে তারে জড়িয়েছে তদন্ত করে দেখা হবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিক নিহতের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন