আফজাল হোসেন জয়: লামা (বান্দরবান) প্রতিনিধি। বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোডপাড়াস্থ সাংবাদিক কাইছার হামিদ এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান ডাকাতি করা আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা এই ঘটনা ঘটায় বলে ধারনা করছেন সচেতন মহল।
আজ শনিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। রাতের ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ডাকাতির ঘটনা সংঘটিত হয়।
সাংবাদিক কাইছার হামিদ লোহাগাড়া উপজেলার “দৈনিক সমকাল” পত্রিকার প্রতিনিধি ও লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। তিনি জানান, বাড়িতে তার বৃদ্ধ বাবা-মা ছিল৷ ডাকাতরা নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও ১টি স্মার্ট ফোন নিয়ে যায়।
তিনি আক্ষেপ করে বলেন, রাত সাড়ে ৩টা থেকে ৪টা ১৩ মিনিট পর্যন্ত আমি আজিজ নগর পুলিশ ক্যাম্পের আইসিকে ১৫ বার কল দিয়েছি। তিনি কল রিসিভ করেননি। পরে রাত ৪টা ১৫ মিনিটে জাতীয় সেবা সংস্থা ৯৯৯ কল দিলে তারা লামা থানার মাধ্যমে আজিজনগর আইসি’র সাথে কথা বলিয়ে দেয়। আজিজ নগর পুলিশ সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থল পরিদর্শন করে। আজিজ নগর পুলিশ ক্যাম্প থেকে আমার বাড়ি ১ কিলোমিটার দূরত্বও হবেনা। এমন পুলিশি সেবায় আমরা সত্যিই হতবাক !
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন লামার আজিজনগর ইউনিয়নের রোডপাড়া এবং পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সীমান্তবর্তী প্রায় এক কিলোমিটার এলাকায় গত ১০ দিনে অন্তত পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় লামা কিংবা চকরিয়া থানা পুলিশের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ তাদের।
এবিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, “আমি নিজেই ঘটনা স্থল পরিদর্শন করেছি, এখন পর্যন্ত কোন মামলা হয়নি, মামলা হলে আমরা দ্রত ব্যবস্থা নিব। আর চুরি ডাকাতি ছিনতাই থেকে জনসাধারনের জানমাল এর নিরাপত্তা বিধানে আমরা সর্বদা সজাগ থেকে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। ফাঁড়ি পুলিশের অসহযোগিতার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ফাঁড়ির ইনচার্জকে এ নিয়ে ইতোমধ্যে বকাঝকা করা হয়েছে।”
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন