প্রচণ্ড শীতের তীব্রতায় নগরের ভাসমান ও অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রবিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে মহানগরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিতরণ করা হয় মোট ৫০০টি কম্বল।
জেলা প্রশাসনের উদ্যোগে রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত নগরের ডিসি হিল, কাজির দেউরি, সিআরবি, রেলস্টেশন এলাকা, শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকা এবং মেহেদীবাগসহ বিভিন্ন স্থানে অবস্থানরত শীতার্ত মানুষের কাছে সরাসরি কম্বল তুলে দেন জেলা প্রশাসক।
শীতের রাতে সরকারি কর্মকর্তা নিজ হাতে কম্বল পেয়ে অনেক শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি আর কৃতজ্ঞতার অনুভূতি।
এ সময় উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, শীতের এই দুঃসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতদিন শীত থাকবে, জেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন