চট্টলার কণ্ঠ ডেস্ক: কক্সবাজারে কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে ৫ লক্ষ পিস ইয়াবাসহ ২১ জন ইয়াবা পাচারকারী আটক। শুক্রবার ১১ এপ্রিল দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ এপ্রিল শুক্রবার মধ্যরাত ০১ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র্যাব-১৫ এর সমন্বয়ে কক্সবাজারের কলাতলী বীচ সংলগ্ন সমূদ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুইটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোট দুটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় একজন মাদক পাচারকারী পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আভিযানিক দল বোট দুটিকে ঘন্টা ব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোট দুটি তল্লাশী চালিয়ে বোটের ভিতর কাঠের পাটাতনের নিচে রক্ষিত বরফের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ০৫ লক্ষ পিস ইয়াবাসহ ২১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারীদের মধ্যে ৩ জন কক্সবাজারের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের উখিয়া ও কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
আটককৃত ইয়াবা পাচারকারী, জব্দকৃত ইয়াবা ও বোট দুটির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন