অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার সংরক্ষণ এবং কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখার মতো অনিয়ম ধরা পড়েছে চট্টগ্রামের তিন রেস্টুরেন্টে। নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান তিনটিকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সবচেয়ে বেশি ১ লাখ টাকা জরিমানা করা হয় গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টকে। প্রতিষ্ঠানটিতে অতি অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না, প্রস্তুত ও সংরক্ষণ করতে দেখা যায়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ দই, বাসি গ্রিল এবং বিক্রির উদ্দেশ্যে রান্না করা মাংস ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল।
এরপর ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণের পাশাপাশি বাসি তরকারি পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন ধরনের মাংস অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করতে দেখা যায়।
অন্যদিকে, হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যদ্রব্য উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অভিযান শেষে উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন