চট্টলার কণ্ঠ ডেস্কঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে আকবর শাহ থানা পুলিশের একটি টিম।
বুধবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে রামপুরা থানার বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে নগরীর আকবর শাহ থানা পুলিশ । থানা সূত্রে জানা গেছে , গ্রেপ্তার জসিমকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
জহুরুল আলম জসিম চসিকের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। এছাড়া তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন।
নগরীতে ‘ভূমিদস্যু’ এবং ‘পাহাড়খেকো’ হিসেবে সাবেক কাউন্সিলর জসিমের রয়েছে ব্যাপক কুখ্যাতি। তিনি সরকারি খাস জায়গা, রেলওয়ের জায়গা দখল থেকে শুরু করে পাহাড় কেটে গড়ে তুলেছিলেন নিজের ত্রাসের রাজত্ব। নিজস্ব বাহিনী দিয়ে পাহাড় কেটে বানিয়েছেন আবাসিক প্লট, করেছেন বিভিন্ন স্থানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ।
বিতর্কিত এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও অর্থ দিয়ে সহায়তাসহ বেশি কিছু অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি কাউন্সিলর জসিমকে গ্রেপ্তারে রাতভর আকবর শাহ এলাকার একটি ভবনে তল্লাশি চালায় পুলিশ। তবে সেখানে তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে মধ্যরাত ১২টার দিকে একে খান এলাকার বাসা থেকে আকবরশাহ থানা পুলিশের একটি দল জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করে।
পরে তাকে ডবলমুরিং থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনের একটি ঘটনায় দায়ের হওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন