সুজন ভট্টাচার্য্য,বিশেষ প্রতিনিধিঃ পাহাড়, ঝর্ণা আর মেঘের টানে রূপসী বান্দরবানে যাওয়া ভ্রমণপিপাসুদের জন্য এল বড় স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর বান্দরবান পার্বত্য জেলার থানচি ও রুমা উপজেলার বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট ও সংযোগ সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে জেলা প্রশাসন।
গত ১১ আগস্ট জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মো: সানিউল ফেরদোস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বুধবার (১২ আগষ্ট) এই সুখবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
যেসব পথ ও স্পট খুলল:
প্রশাসনের ছাড়পত্র পাওয়ায় এখন থেকে পর্যটকেরা ঘুরে আসতে পারবেন পার্বত্য চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় স্থানগুলোতে—
থানচি উপজেলা: তমাতুঙ্গী থেকে ২৪ কিলোমিটার টিওবি পর্যন্ত সড়ক এবং রোমাঞ্চপ্রিয়দের প্রিয় পথ ‘তিন্দুমুখ থেকে নাফাকুম’ জলপ্রপাত এলাকা।
রুমা উপজেলা: দেশের অন্যতম চূড়া ‘কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া’ এবং সুবিশাল ‘রিজুক ঝর্ণা’ এলাকা।
তবে আনন্দের বার্তার পাশাপাশি প্রশাসন সতর্কবার্তাও জারি করেছে। পাহাড়ের ভৌগোলিক বাস্তবতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে যাতায়াতের সময় সংশ্লিষ্ট এলাকার সব ধরনের নিরাপত্তা নির্দেশিকা ও বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের পর এই সিদ্ধান্তে স্থানীয় গাইড, ব্যবসায়ী ও পর্যটন খাতের সংশ্লিষ্টদের মাঝে ফের প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন