ফটিকছড়ি প্রতিনিধি।চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, অতীত ভুলে যেতে চাই। জামায়াতে ইসলামীর পরাজিত প্রার্থী নুরুল আমিন আমাকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন। ৪ মাস আমার শপথ বাধাগ্রস্ত করেছেন। আমাকে ঋণখেলাপী বানানোর অপচেষ্টা করেছিলেন। এতে করে আমার চেয়েও ফটিকছড়িবাসীর ক্ষতি বেশি হয়েছে। ফটিকছড়ি উন্নয়ন বঞ্চিত হয়েছে, নির্ধারিত সরকারি বরাদ্দ ফেরত গেছে।
দীর্ঘ আইনী লড়াই শেষে গত বৃহস্পতিবার শপথগ্রহণ করে নির্বাচনী এলাকায় ফিরে গত শুক্রবার (১০ জুলাই) রাতে ফটিকছড়িতে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সাংসদ এ কথাগুলো বলেন।
এমপি সরোয়ার আলমগীর আরো বলেন, আমি সবাইকে নিয়ে বাস করতে চাই, সুন্দর ফটিকছড়ি গড়ে তুলতে হবে। চলার পথে আমার ভুল হলে সবার সহযোগিতা চাই, কঠিন পথ মসৃণভাবে পাড়ি দিতে সাংবাদিক সমাজকে পাশে চাই।
তিনি বলেন, গোয়েন্দা সংস্থা আমাকে জানিয়েছে, ফটিকছড়িতে জামায়ত-শিবিরের নেতাকর্মীদের কাছে প্রচুর অস্ত্র আছে। আমি শান্তির জনপদ গড়তে বদ্ধপরিকর। অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কড়া নির্দেশনা আছে।
ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জনপদ উত্তর ফটিকছড়িতে মাদকের স্বর্গরাজ্য হয়েছে বলেও জানিয়ে সাংসদ সরোয়ার আলমগীর বলেন, মাদকের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জিরো টলারেন্স।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও ফটিকছড়ি প্রেসক্লাব, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব ও ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.
আপনার মতামত দিন